
প্রধানমন্ত্রীর এবারের সিলেট সফরসূচিতে হজরত শাহজালাল (রহ.), হজরত শাহপরান (রহ.) ও হজরত গাজী বোরহান উদ্দিন (রহ.) এর মাজার জিয়ারতের পাশাপাশি ২০টি প্রকল্পের উদ্বোধন ও ১৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় দলীয় প্রার্থীদের পক্ষে নৌকা প্রতীকে ভোট চাইবেন বঙ্গবন্ধু কন্যা।
এ বছরের মার্চ-এপ্রিলে সিলেটসহ দেশের পাঁচ সিটি করপোরেশন ও বছরের শেষ নাগাদ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন দু’টিকে সামনে রেখে আগাম প্রচারে নামছেন শেখ হাসিনা। রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ এই বছরের শুরুতেই সিলেট সফরে যাচ্ছেন তিনি।
শেখ হাসিনার সফরকে ঘিরে উজ্জীবিত আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাঁর জনসভা সফল করতে ইতোমধ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি শেষ হয়েছে। সিলেটের এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে গত কয়েকদিন বিরামহীন প্রচার-প্রচারণা চালিয়েছেন দলের নেতাকর্মীরা। শুধু নেতাকর্মীই নয়, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সাধারণ লোকজনেরও আগ্রহের কমতি নেই। প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে সিলেট অঞ্চলে দল আরও শক্তিশালী হবে বচলে মনে করেন তিনি।

জানা যায়, বিগত নির্বাচনে সিলেটের ১৯টি আসনের মধ্যে ১৫টিতে জয়লাভ করে আওয়ামী লীগ আর চারটি আসন পায় জাতীয় পার্টি। আগামী নির্বাচনেরও এ ধারাবাহিকতা ধরে রাখতে চায় ক্ষমতাসীন এই দল। এজন্য প্রধানমন্ত্রীর সফরকে বেশ গুরুত্বপূর্ণ। এবারও সবকটি আসন আওয়ামী লীগ পাবে বলে আশাবাদী দলীয় নেতারা। দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর সিলেটে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকভাবে এটি তৃতীয় সফর।
সফরসূচি অনুযায়ী বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত প্রধানমন্ত্রীর এই তিন মাজার জিয়ারত করবেন। দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সিলেট সার্কিট হাউজে নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে দুপুর ২টা ৪০ মিনিটে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাস্থলে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকাল ৩টায় একই মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

ভিত্তিপ্রস্তর স্থাপনের তালিকায় রয়েছে- হজরত শাহজালাল (রহ) মহিলা ইবাদতখানা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেগম ফজিলাতুন্নেসা হল নির্মাণ, গোয়াইনঘাট উপজেলা পরিষদ ভবন ও হলরুম নির্মাণ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ছাত্র হোস্টেল ভবন নির্মাণ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেল ভবন নির্মাণ, সিলেটে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল নির্মাণ, সিলেট এমএজি ওসমানী মেডিকেলের অভ্যন্তরে নার্সিং হোস্টেল ভবন নির্মাণ, সিলেট পুলিশ লাইনে এসএমপির ব্যারাক নির্মাণ, সিলেট পুলিশ লাইনে অস্ত্রাগার নির্মাণ, এসএমপির কোতোয়ালী মডেল থানার কম্পাউন্ডে ডরমেটোরি ভবন নির্মাণ, তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট ভবন নির্মাণ, সিলেটের লালাবাজারে রেঞ্জ রিজার্ভ পুলিশ লাইনস নির্মাণ, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল নির্মাণ ও সম্প্রসারণ, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতকরণ, বিভাগীয় পরিচালক (পরিবার পরিকল্পনা) ও জেলা পরিবার পরিকল্পনা সিলেটের অফিস ভবন নির্মাণ, সিলেট-গোলাপগঞ্জ-চারখাই-জকিগব্জ মহাসড়কের ৬৫ কিলোমিটার উন্নয়ন, গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর মহাসড়ক ও চারখাই-শেওলা-বিয়ানীবাজার-বাড়ইগ্রাম মহাসড়কের ৯ দশমিক ৬০ কিলোমিটার উন্নয়ন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতাল ভবনের চতুর্থ তলা হতে ১০ তলা উর্ধ্বমুখী সম্প্রসারণ।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2GuscFV
January 30, 2018 at 12:59AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন